
জবিতে প্রতিবন্ধী মেয়েদের ক্যারিয়ার ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে ডিসিএফের সংলাপ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিবন্ধী মেয়েদের কর্মজীবনের প্রস্তুতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে ‘ইয়ুথ ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ও এমব্যাসি অব কিংডম অব দ্য নেদারল্যান্ডসের সার্বিক সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়। এতে প্রতিবন্ধী মেয়েদের ক্যারিয়ার গঠন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি শুধু সহানুভূতি দেখালেই হবে না, তাঁদের সামাজিক মর্যাদা, অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তাঁরা অন্যদের কাছে আলাদা কোনো সুবিধা চান না; চান ভালোবাসা, শ্রদ্ধা ও সমান দৃষ্টিভঙ্গি। মেট্রোরেল ও বাসে তাঁদের জন্য ব্যবস্থা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে কার্যকর হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যে র্যাম্প রয়েছে, সেটিও ব্যবহার উপযোগী নয়। হুইলচেয়ারে চলাচলকারী শিক্ষার্থীদের অন্যের সহযোগিতা ছাড়া এটি ব্যবহার করা কঠিন।’
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, ‘ডেনমার্কে থাকার সময় দেখেছি, সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়। কিন্তু আমাদের দেশে তাঁরা যথাযথ গুরুত্ব ও মনোযোগ পান না। এ ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। আমাদের ক্যাম্পাস এখনো বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পুরোপুরি উপযোগী নয়। তাঁদের প্রয়োজন বিবেচনায় নিয়ে অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ভবনের প্রবেশপথ, লিফট, টয়লেট ও লাইব্রেরিসহ প্রতিটি স্থানে উপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তাঁদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ কোটা ও প্রয়োজনীয় সহায়তা থাকা জরুরি।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রক্টর, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং ডিসিএফ ও পিডিএফের সদস্যরা উপস্থিত ছিলেন।






















