রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

বড়লেখায় ৪ শতাধিক চা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা,বাগানের ব্যাপক ক্ষতি

reporter

আশফাক আহমদ, বড়লেখা

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ


বড়লেখায় ৪ শতাধিক চা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা,বাগানের ব্যাপক ক্ষতি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণগুল (কেরামতনগর) চা-বাগানে চার শতাধিক উৎপাদনশীল চা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বাগানের সেকশন চৌকিদার ও কয়েকজন শ্রমিক কেটে ফেলা চা গাছগুলো দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

দক্ষিণগুল ও লক্ষীছড়া (কেরামতনগর) চা-বাগানের ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাছুম জানান, শনিবার চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে বাগানের শ্রমিকদের ছুটি ছিল। এ কারণে কোনো শ্রমিক কাজে যাননি। ভোট দিতে কেন্দ্রে যাওয়ার পথে কয়েকজন শ্রমিক ও সেকশন চৌকিদার বাগানের একটি টিলার এক পাশে কেটে ফেলা চা গাছগুলো এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি বাগানের সহকারী ব্যবস্থাপককে জানান।

তিনি আরও জানান, সহকারী ব্যবস্থাপককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, দুর্বৃত্তরা চার শতাধিক প্রাপ্তবয়স্ক ও উৎপাদনশীল চা গাছ কেটে ফেলে রেখেছে। ধারণা করা হচ্ছে, শনিবার ভোরের দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এতে বাগানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, চা গাছ কেটে ফেলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আশফাক আহমদ, বড়লেখা / এমএসএম

Link Copied