
ছবি দিয়ে রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক: জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মঞ্জুর মুর্শেদ
ডিন হিসেবে দায়িত্ব পালনের সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন রাজনৈতিক বয়ানে প্রচার করে তাঁকে হেয় করার চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মঞ্জুর মুর্শেদ। তিনি বলেছেন, খণ্ডিত ছবি দিয়ে কারও রাজনৈতিক পরিচয় নির্ধারণ করা বিভ্রান্তিকর।
শনিবার (২৮ নভেম্বর) দেওয়া এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জবিতে ডিন নিয়োগ হয় জ্যেষ্ঠতার ভিত্তিতে, যা নির্বাচন বা প্রশাসনের পছন্দ-অপছন্দের বিষয় নয়। দায়িত্ব গ্রহণের দিন উপাচার্য ও ট্রেজারারের শুভেচ্ছা গ্রহণ, নীতিনির্ধারণী সভা ও জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ দায়িত্বেরই অংশ। এসব অনুষ্ঠানের ছবিকে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে দেখানো উদ্দেশ্যপ্রণোদিত বলে তাঁর অভিযোগ।
অধ্যাপক মঞ্জুর জানান, সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সময়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি ডিনের দায়িত্ব পান। ওই সময়ের ছবি তখনই প্রকাশ্যে শেয়ার করা হয়েছিল।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ২০০৭ সালে জবিতে যোগদানের পর থেকে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং ১৭ বছর সাদা দলের সক্রিয় সদস্য ছিলেন। রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর স্ত্রী একাধিকবার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েও নিয়োগ পাননি বলে তিনি দাবি করেন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে তিনি ছিলেন এবং হত্যাকাণ্ড ও দমন-পীড়নের প্রতিবাদে কয়েকজন সহকর্মীর সঙ্গে ঝুঁকি নিয়ে কর্মসূচিতে অংশ নেন। এ কারণে তাঁর পরিবারও হুমকির মুখে পড়েছিল বলে জানান তিনি।
এক শিক্ষার্থীর আত্মহত্যার পর আয়োজিত দোয়া মাহফিলে মসজিদে তাঁর উপস্থিতির ছবিও আপত্তিকরভাবে ব্যবহার করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, শিক্ষক হিসেবে সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি সেখানে গিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রশাসনিক দায়িত্ব পালন মানেই সংশ্লিষ্ট প্রশাসনের রাজনৈতিক আদর্শের সঙ্গে একাত্মতা নয়। প্রাতিষ্ঠানিক দায়িত্ব, পেশাগত সৌজন্য ও ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসকে ইচ্ছাকৃতভাবে এক করে দেখানো অনৈতিক।
মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা প্রচারণা, ব্যক্তিগত সম্মানহানি ও পরিবারকে বিব্রত করার অধিকার কারও নেই উল্লেখ করে তিনি বলেন, “সত্যকে খণ্ডিত ছবি দিয়ে আড়াল করা যায় না।”






















