
মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আ.লীগের বিক্ষোভ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুরে গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর ২০২৬) ভোর থেকে মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড় থেকে গেড়াখোলা পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই মহাসড়কের ওই অংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় মুকসুদপুর কলেজ মোড় এলাকায় মাইকে ভাষণ প্রচার করা হয় এবং নেতাকর্মীদের সড়কে অবস্থান নিতে দেখা যায়। পরে বেলা ১১টার দিকে মুকসুদপুর পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ মোড়ে মহাসড়কে সমবেত হন এবং বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, সহসভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম মিয়া, মো. হুজ্জাত হোসেন লিটু, যুগ্ম সম্পাদক এম মহিউদ্দিন আহম্মেদ মুক্ত, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. কামরুজ্জামান লিটু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আজগার আলী শেখ, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাসির খোন্দকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা এনাম মোল্লা, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক মুন্সি, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহমেদ রিয়াজ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করায় এবং দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।



















