শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্যে কমছে না ভোগান্তি, শিক্ষার্থীদের অভিযোগ

reporter

আল আবির রায়হান, ইবি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ


পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্যে কমছে না ভোগান্তি, শিক্ষার্থীদের অভিযোগ

দীর্ঘদিন ধরে ভাটই বাজার এলাকায় যানজটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঝিনাইদহ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাতায়াতকারী শিক্ষার্থীরা।

সড়কের চলমান সংস্কারকাজের কারণে সৃষ্ট যানজটের পাশাপাশি রূপসা-গড়াই পরিবহনের বিরুদ্ধে বিশেষ সুবিধা নিয়ে বাস পারাপারের ব্যবস্থা করার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বাসকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ঝিনাইদহ রুটে ভাটই বাজার এলাকায় দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ফলে নির্ধারিত সময়ে ক্লাস ও পরীক্ষায় উপস্থিত হওয়া কঠিন হয়ে পড়েছে। এতে একদিকে যেমন মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে। তাদের মধ্যে অনেক শিক্ষার্থী ঝিনাইদহে টিউশনি করে নিজেদের পড়াশোনার খরচ বহন করেন। যানজটের কারণে সময়মতো টিউশনিতে উপস্থিত হতে না পারায় তাদের টিউশনি হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে।

যানজটের কারণ উল্লেখ করে এক শিক্ষার্থী বলেন, "রাস্তার কাজ চলমান থাকায় আমরা যানজটে ভুগছি। তবে এর চেয়েও বেশি ভোগান্তির কারণ রূপসা-গড়াই পরিবহনের সিন্ডিকেট। ভাটই বাজারে তাদের সিন্ডিকেটের লোকজন দাঁড়িয়ে থাকে। তারা অনিয়মের মাধ্যমে নিজেদের বাসগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করে দেয়। ফলে আমাদের বাসকে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।"

ঝিনাইদহগামী আরেক শিক্ষার্থী বলেন, "ভাটই বাজারে রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা সকাল ৮টায় বাসা থেকে রওনা দিই, আর বাসায় ফিরতে সন্ধ্যা ৬টার বেশি বেজে যায়। দীর্ঘ এই যাত্রার ক্লান্তিতে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, "রূপসা-গড়াই পরিবহন সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের বাস দ্রুত যানজট থেকে বের করে নিয়ে যায়। অথচ আমাদের বাসকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। বিষয়টি নিয়ে বারবার ভোগান্তিতে পড়লেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের কাছে জানতে চাইলে তিনি বলেন, "ভাটই বাজারে রাস্তার কাজ চলমান থাকায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন, এ বিষয়ে আমরা অবগত। তবে বাসের সিন্ডিকেটের বিষয়টি আমি কেবল জানতে পারলাম। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।"

অভিযোগের বিষয়ে ঝিনাইদহ বাস মালিক সমিতির সদস্য আলী কানু বলেন, "ভাটই বাজার এলাকায় শ্রমিক পক্ষের কিছু লোক দাঁড়িয়ে থেকে অনিয়মের মাধ্যমে বিশেষ কিছু যানবাহনকে সুবিধা দিচ্ছে—এমন অভিযোগ সম্পর্কে আমরা অবগত। তবে নির্দিষ্ট কোনো পরিবহনের নাম আমাদের কাছে আসেনি। বিষয়টি আমি এইমাত্র জানতে পারলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আগামীকাল থেকে বাস মালিক সমিতির দুজন প্রতিনিধি ভাটই বাজারের দুই পাশে অবস্থান করে বিষয়টি পর্যবেক্ষণ করবেন, যেন কোনো পরিবহন বিশেষ সুবিধা না পায়।"

উল্লেখ্য, গত এক মাস ধরে কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ভাটই বাজারসংলগ্ন এলাকায় সড়কের কাজ চলমান থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যাত্রীরা।

আল আবির রায়হান, ইবি / এমএসএম

Link Copied