
কুড়িগ্রামে আধুনিক শিশুপার্কের উদ্বোধন
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলার শিশুদের সুস্থ ও মানসিক বিকাশের লক্ষ্যে আধুনিক ও নান্দনিক নকশায় সংস্কার করা শিশুপার্কের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাতে জেলা পরিষদের আয়োজনে এ শিশুপার্কের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরুজুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সংস্থার নিজস্ব অর্থায়নে প্রায় ৭৩ শতক জমির ওপর ২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে পার্কটি সংস্কার করা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য পার্কটিতে সুইং চেয়ার, মিনি ইলেকট্রিক ট্রেন, অ্যাডভেঞ্চার কার, মেরি-গো-রাউন্ড, জেট কোস্টার, ওয়ান্ডার হুইল ও বাউন্সিং রাইডসহ বিভিন্ন আধুনিক রাইড স্থাপন করা হয়েছে।



















