রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

রাউজানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

reporter

মুহাম্মদ দিদারুল আলম, মিরসরাই

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ


রাউজানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ইরফান হোসেন মুরাদ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

রবিবার (২৯ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে মুরাদকে গ্রেপ্তার করা হয়। রাউজান থানার উপপরিদর্শক মো. জান্নাতুন নাঈম রাজনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় মুরাদের সহযোগী আমিরুল ইসলাম ওরফে শিফন (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে মুরাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মিয়া জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার মুরাদকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মুহাম্মদ দিদারুল আলম, মিরসরাই / এমএসএম

Link Copied