
শেরপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এনজিও কর্মী নিহত
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ

শেরপুরে ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম ইমরুল কায়েস (২৮)। রোববার ভোরে সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি এনজিওতে কর্মরত ছিলেন। আহত মামুন শেরপুর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৯ নভেম্বর) ভোরে কাঁচামালবোঝাই একটি অটোরিকশা জামালপুরের কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে জামালপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইমরুল কায়েস ও অটোচালক মামুন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি আটক করে।
ইমরুলের সহকর্মীরা জানান, এক সপ্তাহ আগে তিনি এসএস এনজিওতে যোগ দিয়েছিলেন। রোববার সকালে মধুপুরের নিজ বাড়ি থেকে কর্মস্থল তিনানীতে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন ঘোষ জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।



















