শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

নবায়নের সুযোগ উপেক্ষা করে দরপত্র, প্রশ্নের মুখে বেবিচকের পরিকল্পনা ও সিদ্ধান্ত

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ


নবায়নের সুযোগ উপেক্ষা করে দরপত্র, প্রশ্নের মুখে বেবিচকের পরিকল্পনা ও সিদ্ধান্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্জ্য অপসারণ ও বিক্রির ইজারা প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পদক্ষেপ ঘিরে প্রশ্ন উঠেছে। নীতিমালায় সন্তোষজনক কাজের ভিত্তিতে চুক্তি নবায়নের সুযোগ থাকলেও চলমান ইজারাদারকে মাত্র চার মাসের মেয়াদ বাড়িয়ে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। বিষয়টি গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। এ ঘটনায় করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট দরপত্র বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেন এবং পরবর্তীতে আপিল বিভাগও হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রাখেন। সর্বশেষ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) হাইকোর্ট ওই স্থগিতাদেশের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছেন।

নথিপত্র অনুযায়ী, বেবিচকের ২০১৯ সালের ইজারা নীতিমালায় বিমানবন্দরের ভেতর ও বাইরের বর্জ্য অপসারণ এবং বিক্রির কাজ প্রথমে এক বছরের জন্য দেওয়ার বিধান রয়েছে। কাজ সন্তোষজনক হলে মূল ইজারামূল্যের ওপর প্রতিবছর আড়াই শতাংশ হারে অর্থ বাড়ানোর শর্তে আরও সর্বোচ্চ দুই বছর চুক্তি নবায়নের সুযোগ রাখা হয়েছে। বর্তমান ইজারাদার মেসার্স তুলি এন্টারপ্রাইজের দাবি, শর্ত পূরণ সাপেক্ষে তাদের ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত কাজটি করার কথা। নির্ধারিত অর্থ পরিশোধ ও সন্তোষজনকভাবে দায়িত্ব পালনের পরও নবায়নের সুযোগ না দিয়ে নতুন দরপত্র ডাকা হয়েছে। তবে আইন ও প্রশাসন সংশ্লিষ্টদের মতে, নীতিমালায় নবায়নের সুযোগ থাকলেই তা স্বয়ংক্রিয় অধিকার হিসেবে গণ্য হয় না; এক্ষেত্রে চুক্তির শর্ত ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের আইনগত ভিত্তি যাচাই করা প্রয়োজন।

চার মাস মেয়াদ বাড়িয়েই নতুন দরপত্র গত ২৫ আগস্ট এক চিঠিতে তুলি এন্টারপ্রাইজের ইজারার মেয়াদ ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চার মাস বাড়ানোর সিদ্ধান্ত জানায় বেবিচক। এতে বার্ষিক ২ কোটি ৪০ লাখ ১৩ হাজার ৪২৪ টাকা দর ধরে চার মাসের জন্য ৮০ লাখ ৪ হাজার ৪৭৫ টাকা এবং প্রযোজ্য ভ্যাট ও আয়কর অগ্রিম পরিশোধ করতে বলা হয়। কিন্তু ওই চিঠির মাত্র দুই দিন পর, অর্থাৎ ২৭ আগস্ট একই কাজের জন্য নতুন দরপত্র আহ্বান করে বেবিচক। চার মাসের জন্য মেয়াদ বাড়ানোর পরপরই কেন নতুন দরপত্রের প্রয়োজন হলো, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই দরপত্রের ২০টির বেশি সিডিউল বিক্রি হয়েছিল এবং নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা চলে। যদিও এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আদালতের অবস্থান বেবিচকের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তুলি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহাবুদ্দিন হাইকোর্টে রিট আবেদন (নং ১৩৪৯৫/২০২৬) করেন। গত ২১ সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে ২৭ আগস্টের দরপত্রের কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেন। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন (নং ৪০৫২/২০২৬) করেন বেবিচক চেয়ারম্যান। গত ৩ নভেম্বর আপিল বিভাগ আবেদনটি নিষ্পত্তি করে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রাখেন এবং সম্ভব হলে দুই মাসের মধ্যে রুলটি দ্রুত নিষ্পত্তি করা বাঞ্ছনীয় বলে আদেশে উল্লেখ করেন। সর্বশেষ বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ স্থগিতাদেশের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছেন। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য প্রস্তুত না থাকায় রুলটি শুনানির উপযোগী করতে সংশ্লিষ্ট অফিসকে নির্দেশ দিয়েছেন আদালত।

সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন বিমানবন্দরের ইজারা ও পরিচালনাগত সিদ্ধান্তে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিভাগের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ইতিপূর্বেও ফাইল আটকে রাখা, দোকান বরাদ্দ ও আর্থিক অনিয়মের নানা অভিযোগ গণমাধ্যমসহ ভুক্তভোগীদের আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি বর্জ্য অপসারণ ও বিক্রির ইজারা প্রক্রিয়ায় নেওয়া পদক্ষেপের কারণে তিনি নতুন করে আলোচনায় এসেছেন। এ ছাড়া বিমানবন্দরের বহির্গমন ড্রাইভওয়েতে ব্র্যান্ডিংয়ের স্থান 'মোল্লা এন্টারপ্রাইজ' নামের একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। একাধিক সূত্রের দাবি, মোল্লা এন্টারপ্রাইজের মালিক মো. সিদ্দিকুর রহমান সম্পর্কে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) মেহবুব খানের মামাশ্বশুর। আত্মীয়তার সুবাদে ওই বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তাঁর নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে আওয়ামী লীগের দলীয় লোগো ও নিজের ছবি সংবলিত পোস্ট প্রকাশের বিষয়টিও সামনে এসেছে। বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর বর্তমানেও তিনি বহাল তবিয়তে রয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) মেহবুব খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

জবাবদিহি ও সমান সুযোগই মূল প্রশ্ন সংশ্লিষ্ট মহলের মতে, বিমানবন্দরের মতো স্পর্শকাতর রাষ্ট্রীয় স্থাপনার ইজারা কেবল বাণিজ্যিক চুক্তি নয়; এর সঙ্গে রাষ্ট্রীয় রাজস্ব, জনস্বার্থ ও প্রশাসনিক জবাবদিহি ওতপ্রোতভাবে জড়িত। তাই তুলি এন্টারপ্রাইজের কাজের মূল্যায়ন কী ছিল, নবায়নের শর্ত পূরণের পরও কেন তড়িঘড়ি নতুন দরপত্র ডাকা হলো এবং আত্মীয়কে বরাদ্দের ক্ষেত্রে স্বার্থের সংঘাত এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল—সংশ্লিষ্ট মহলে এখন এসব প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ইজারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পছন্দ-অপছন্দের ওপর নির্ভর করা উচিত নয়। আইনের শাসন ও স্বচ্ছতার প্রশ্নে নীতিমালাই যেখানে মূল ভিত্তি হওয়ার কথা, সেখানে এমন সিদ্ধান্ত প্রশাসনিক জবাবদিহিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied