
আইসিবি ইসলামিক ব্যাংক লিঃ এর AML & CFT বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ

ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং কমপ্লায়েন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে ২১ নভেম্বর ২০২৬ তারিখ ব্যাংকের ট্রেনিং সেন্টারে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (Anti-Money Laundering & Combating the Financing of Terrorism; AML & CFT) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্স পারসন ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সর্বজনাব মোঃ মোশাররফ হোসেন ও ইবনে আহসান কবির। এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসকের সহযোগী হিসেবে দায়িত্ব পালনরত বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ ইনামুল হক, আইসিবি ইসলামিক ব্যাংকের এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস বিভাগের প্রধান জনাব কামাল হোসেন এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও AML & CFT বিভাগের প্রধান জনাব তারেক-উস-সালামসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন হেড অফ ট্রেনিং জনাব নাজমা হক।
প্রশিক্ষণ কর্মশালায় ঢাকায় অবস্থিত ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি অংশগ্রহণ করেন। পাশাপাশি ঢাকার বাইরের শাখাসমূহের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।
কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত প্রচলিত আইন, বিধি-বিধান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ব্যাংকিং কার্যক্রমে যথাযথ কমপ্লায়েন্স নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ, গ্রাহকের পরিচিতি ও লেনদেনের যথার্থতা যাচাই,ঝুঁকিভিত্তিক ব্যবস্থাপনা এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষকগণ তাঁদের বক্তব্যে ব্যাংকিং খাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর সচেতনতা, পেশাগত দক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্স সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।























