
হাটহাজারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৯ অপরাহ্ণ

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপসহকারী মো. মতিনুল হক টিপুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাভিল ফারাবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দীন এবং খামারি মোহাম্মদ হোসেন ও রেজাউল করিম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুজাহিদুল আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদসহ স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে নিরাপদ ও মানসম্মত মাংস, দুধ ও ডিমের উৎপাদন বাড়াতে হবে এবং খামারিদের আর্থিক ও কারিগরি সহায়তাসহ উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।



















