
অভয়নগরে নতুন সার ডিলারদের নীতিমালা সম্পর্কে অবহিতকরণ সভা
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে সার ডিলার নিয়োগ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার সার ডিলাররা অংশ নেন। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ এর বিভিন্ন বিধিবিধান, ডিলারদের দায়িত্ব ও সার বিতরণ ব্যবস্থাপনা নিয়ে সভায় আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাহউদ্দীন দিপু। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া সার, সিমেন্ট, কয়লা ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন। এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন মোল্যা, ব্যবসায়ী কামরুল ইসলামসহ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বিসিআইসি ও বিএডিসির ৩৭ জন সার ডিলার এবং উপজেলা ও পৌর এলাকার নবনিযুক্ত ৯ জন সার ডিলার অংশ নেন।



















