সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

শিবচরে কমলার বাগান গড়ে সফল উদ্যোক্তা রাসেল, বাগানজুড়ে রঙিন কমলার সমারোহ

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ


শিবচরে কমলার বাগান গড়ে সফল উদ্যোক্তা রাসেল, বাগানজুড়ে রঙিন কমলার সমারোহ

গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে পাকা কমলা। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে হলুদ-কমলা রঙের ফল। বাগানজুড়ে ছড়িয়ে পড়েছে কমলার মনমাতানো সৌন্দর্য। কেউ গাছ থেকে কমলা পাড়ছেন, কেউবা পরিবার-পরিজন নিয়ে ঘুরে দেখছেন বাগান। আবার অনেকেই ব্যস্ত ছবি ও ভিডিও ধারণে। মাদারীপুরের শিবচরে এমনই এক কমলার বাগান গড়ে কৃষিতে সফলতার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন। শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের বাসিন্দা রাসেল হোসেন। ২০২১ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে প্রথমে চাকরি শুরু করেন পরিবহন খাতে। তবে কৃষির প্রতি ভালোবাসা আর নিজে কিছু করার স্বপ্ন তাঁকে টেনে নেয় কৃষির পথে। ২০২৩ সালে চাকরি ছেড়ে বাবার বাগানের দায়িত্ব নেন। শুরু করেন কমলার চাষ। প্রথম দিকে আশানুরূপ ফলন না পেলেও ধীরে ধীরে বাড়তে থাকে উৎপাদন। চলতি বছর ভালো ফলন হওয়ায় তাঁর চোখে এখন আরও বড় স্বপ্ন। নতুন করে রোপণ করেছেন কমলার চারা। ভবিষ্যতে বাগানের পরিধি ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাঁর।

বর্তমানে প্রায় ৯ বিঘা জমিতে গড়ে তুলেছেন সমন্বিত ফলের বাগান। সেখানে রয়েছে মাল্টা, পেয়ারা ও বিভিন্ন ধরনের সবজি। এর মধ্যে দেড় বিঘা জমিতে প্রায় ১০০টি কমলার গাছ রয়েছে। গত তিন বছর ধরে এসব গাছে ফলন পাচ্ছেন তিনি। স্থানীয় বাজারে প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা দরে।
গাছ থেকে নিজের হাতে পাকা কমলা পেড়ে খাওয়ার আনন্দ নিতে প্রতিদিনই বাগানে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও ছুটে আসছেন দর্শনার্থীরা। তাঁদের অনেকেই বাগান ঘুরে দেখার পাশাপাশি কিনে নিচ্ছেন তাজা কমলা।

স্থানীয়ভাবে উৎপাদিত এসব কমলার স্বাদে রয়েছে মিষ্টি ও হালকা টকের মিশ্রণ। গাছপাকা ও ফরমালিনমুক্ত কমলা হওয়ায় ক্রেতাদের আগ্রহও বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এর পরিচিতি পৌঁছে গেছে আশপাশের বিভিন্ন এলাকায়। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ নিজের হাতে গাছ থেকে কমলা পেড়ে কিনে নিচ্ছেন।

স্থানীয় শিক্ষক ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, আমরা আগে সবসময় বাজার থেকে বিদেশি কমলা কিনে খেতাম। রাসেলের কমলার বাগান গড়ে ওঠার পর থেকে এখন এখান থেকেই কমলা কিনে খাই। কারণ, এসব কমলা গাছপাকা, টাটকা ও ফরমালিনমুক্ত। আজ নিজের হাতে গাছ থেকে কমলা পেড়ে পরিবারের জন্য নিয়ে যাচ্ছি। বিষয়টি সত্যিই আনন্দের।

রাসেল হোসেন জানান, শুরুতে বাগান তৈরিতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়েছে। এখন নিয়মিত পরিচর্যা, সার ও ওষুধের পেছনে খরচ হচ্ছে। বাগানের উৎপাদিত কমলা স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও বিক্রি করছেন তিনি। বিশেষ করে প্রতিদিন বিকেলে দর্শনার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো বাগান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানান, বাগানটিতে দেড় বিঘা জমিতে কমলার চাষ হচ্ছে এবং ফলনও বেশ ভালো। উদ্যোক্তা চাইলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে। বিদেশি ফল হিসেবে পরিচিত কমলা এখন ফলছে  শিবচরের মাটিতেই। সঠিক পরিচর্যা, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিতে রাসেল হোসেনের এই উদ্যোগ হয়ে উঠেছে সম্ভাবনাময় কৃষি উদ্যোগের উদাহরণ। তাঁর স্বপ্ন, আগামীতে আরও বড় পরিসরে কমলার চাষ করবেন। একই সঙ্গে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ এবং স্থানীয়ভাবে উৎপাদিত কমলার চাহিদা ছড়িয়ে পড়বে দেশের বিভিন্ন প্রান্তে।

এমএসএম / এমএসএম

Link Copied