
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ

শরীয়তপুরের ডামুড্যায় আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ওসি জাহাঙ্গীর আলম, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও অভিজিৎ নাগ, কলেজের শিক্ষিকা অসিমা রানী সরকার সহ প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. সালাউদ্দিন আইয়ুবী বলেন, "নার্সিং শুধু একটি পেশা নয়, এটি আর্তমানবতার সেবার এক মহান ব্রত। কর্মজীবনে সততা, ধৈর্য ও মানবিক মূল্যবোধ নিয়ে রোগীদের সেবা করার মাধ্যমেই তোমরা এই পেশার মর্যাদা সমুন্নত রাখবে।" এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জাহিদ হোসেন বলেন, "তোমরা এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ হিসেবে আমাদের গর্ব। দীর্ঘ তিন বছর তোমরা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে নিজেদের তৈরি করেছ। কর্মক্ষেত্রে প্রবেশের পর তোমাদের আচরণ, সেবা ও পেশাদারিত্বের মাধ্যমেই আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের সুনাম ছড়িয়ে পড়বে।" তিনি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে কলেজের দরজা সবসময় খোলা থাকবে বলে আশ্বাস দেন এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন শিক্ষার্থীরা। তারা প্রতিষ্ঠানের শিক্ষক ও জুনিয়রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্মজীবনে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। সবশেষে দেশ, জাতি এবং বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।



















