
মোরেলগঞ্জে বিষখালী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিষখালী নদীর তীরে সরকারি জমি দখল করে নির্মাণাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রশিদ খানের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের আবুল বাশার মোল্লা কয়েক দিন ধরে পোলেরহাট বাজারসংলগ্ন বিষখালী নদীর তীরবর্তী সরকারি জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করছিলেন। খবর পেয়ে মোরেলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্মাণাধীন স্থাপনাটি উচ্ছেদ করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, বিষখালী নদীর তীরে সরকারি সম্পত্তি দখল করে দোকানঘর নির্মাণ এবং আরও বেশ কয়েকজনের স্থাপনা তৈরির প্রস্তুতির খবর পেয়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে বলইবুনিয়া কালিকাবাড়ী বাজারে খালের তীরবর্তী ২৩টি অবৈধ দোকানঘর সরিয়ে নিতে এক মাসের নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দখলদারেরা নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে না নেওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমন্বয়ে সেখানেও শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
অন্যদিকে, উচ্ছেদ হওয়া দোকানমালিক আবুল বাশার মোল্লা দাবি করেন, ২০২৩ সালে তিনি এক শতক জমি ক্রয়সূত্রে মালিক হয়ে সেখানে দোকানঘর নির্মাণ করছিলেন। আগেও সেখানে তাঁর দোকান ছিল, যা পরবর্তীতে খাল খননের সময় সরিয়ে ফেলা হয়েছিল।



















