সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

পাবনার দুই খুদে শিক্ষার্থীর স্বপ্নযাত্রা এবার মালয়েশিয়ার আন্তর্জাতিক মঞ্চে

reporter

মনির খান, পাবিপ্রবি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ


পাবনার দুই খুদে শিক্ষার্থীর স্বপ্নযাত্রা এবার মালয়েশিয়ার আন্তর্জাতিক মঞ্চে

ইংরেজি ভাষায় দক্ষতা ও আত্মবিশ্বাসের স্বীকৃতি হিসেবে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে পাবনার দুই খুদে শিক্ষার্থী আলিশা আয়মান ও তাহবীর রাজান আল ফারাবী। তারা দুজনই ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের পাবনা শাখার শিক্ষার্থী। বাংলাদেশ পর্বের দুই ধাপের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে অংশ নেবে তারা।

গত ১৪ অক্টোবর অনলাইনে প্রথম ধাপের পরীক্ষা এবং ৩০ অক্টোবর ঢাকায় দ্বিতীয় ধাপের সরাসরি প্রতিযোগিতায় অংশ নেয় আলিশা ও তাহবীর। দুই ধাপেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত হয় তারা।

আলিশার ইংরেজির প্রতি আগ্রহ তৈরি হয়েছে ছোটবেলা থেকেই। কার্টুন ও বিনোদনের বিভিন্ন অনুষ্ঠান ইংরেজিতে দেখা এবং নিজের সঙ্গে ইংরেজিতে কথা বলার অভ্যাস থেকেই ভাষাটির প্রতি তার ভালো লাগা তৈরি হয় বলে জানান তার মা কামরুন নাহার। মেয়ের এ অর্জনে গর্বিত তিনি। আলিশা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের শিশুদের মেধা ও সক্ষমতা তুলে ধরতে চায় বলেও জানান তিনি।

অন্যদিকে, তাহবীর রাজান আল ফারাবীর পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। তার বাবা আব্দুর রাজ্জাক জানান, ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ফারাবী প্রযুক্তিগত কাজেও দক্ষ। অলিম্পিয়াডের প্রস্তুতিতে স্কুলের ইংরেজি শিক্ষকদের পাশাপাশি পরিবার থেকেও তাকে সহযোগিতা করা হয়েছে।

ছেলের সাফল্যে আনন্দ প্রকাশ করে আব্দুর রাজ্জাক বলেন, ঢাকায় দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশ নেওয়ার সময় কিছুটা সংশয় থাকলেও ফারাবী শুরু থেকেই নিজের সক্ষমতার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল। নির্বাচিত হওয়ার খবর পেয়ে তাঁর আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।

দুই শিক্ষার্থীর এ অর্জনে আনন্দিত তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। আন্তর্জাতিক পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে তারা। তাদের এ সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এমএসএম / এমএসএম

Link Copied