বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

স্বাধীনতা হলের ডাইনিংয়ে প্রাণ ফেরাতে উদ্যোগী স্বপ্নীল

reporter

পাবিপ্রবি প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ


স্বাধীনতা হলের ডাইনিংয়ে প্রাণ ফেরাতে উদ্যোগী স্বপ্নীল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলের ডাইনিংয়ের বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে খাবার গ্রহণে আগ্রহ হারাচ্ছিলেন আবাসিক শিক্ষার্থীরা। ফলে হলের অনেক শিক্ষার্থীকে নিজ নিজ কক্ষে রান্না করে খেতে হচ্ছে। তবে ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের আগ্রহ ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নিয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জুলাই ৬ হল শাখা ছাত্রদলের সহসভাপতি স্বপ্নীল পোদ্দার।

গত ৪ আগস্ট দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছে শিক্ষার্থীদের অনাস্থা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরও ডাইনিং পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ডাইনিংয়ের প্রতি আবাসিক শিক্ষার্থীদের অনাস্থা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে গত নভেম্বর থেকে ডাইনিং পরিচালনার দায়িত্ব নেন স্বপ্নীল পোদ্দার। দায়িত্ব নেওয়ার পর থেকেই খাবারের মান উন্নয়ন, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার পাশাপাশি শিক্ষার্থীদের আবারও ডাইনিংমুখী করার উদ্যোগ নিয়েছেন তিনি।

গত কয়েক দিনের পর্যবেক্ষণে দেখা গেছে, আগের তুলনায় ডাইনিংয়ে মিলের সংখ্যা বেড়েছে। পাশাপাশি খাবারের মানেও ইতিবাচক পরিবর্তন এসেছে। এতে ধীরে ধীরে ডাইনিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে বলে জানা গেছে।

এ বিষয়ে আবাসিক শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাইনিং পরিচালনায় নিয়মিত রোটেশন পদ্ধতি চালু করা হলে খাবারের মান ও ব্যবস্থাপনায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে। দায়িত্ব এককভাবে কোনো ব্যক্তির হাতে না রেখে নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন করা হলে জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি খাবারের মান বজায় রাখার প্রতিযোগিতাও তৈরি হবে।।

এক আবাসিক শিক্ষার্থী শান্ত বলেন 'ডাইনিংয়ের খাবারের মান ও পরিবেশ নিয়ে অসন্তুষ্টি ছিল। এখন কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তবে নিয়মিত রোটেশন চালু হলে খাবারের মান ও ব্যবস্থাপনা আরও ভালো হবে বলে আশা করি।'

আরেক আবাসিক শিক্ষার্থী রাতুল বলেন,'ডাইনিং পরিচালনায় নিয়মিত রোটেশন থাকলে একজনের ওপর দীর্ঘদিন দায়িত্ব থাকবে না। এতে খাবারের মান, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে জবাবদিহি বাড়বে। আমরা চাই, এই ইতিবাচক পরিবর্তন যেন অব্যাহত থাকে।'

এ বিষয়ে স্বপ্নীল পোদ্দার বলেন,' আমি প্রায় ১১ মাস পর দায়িত্ব পরিবর্তনের মাধ্যমে গত নভেম্বর থেকে স্বাধীনতা হল ডাইনিং পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। দীর্ঘদিন ডাইনিংয়ে রোটেশন পদ্ধতি চালু না থাকায় খাবারের মান ও সার্বিক ব্যবস্থাপনায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার মূল লক্ষ্য ডাইনিংয়ের খাবারের মান ও স্বাদ উন্নয়ন করা এবং শিক্ষার্থীদের আবারও ডাইনিংমুখী করা।
এ লক্ষ্যে প্রতিদিনের খাবারে বৈচিত্র্য আনার চেষ্টা করছি। শিক্ষার্থীদের চাহিদা ও সাধ্যের কথা বিবেচনা করে খিচুড়ি, মুরগির মাংস, ডিম, পোলাওসহ বিভিন্ন খাবারের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি খাবারের মান, স্বাদ ও পরিবেশনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ডাইনিংয়ে খাবার গ্রহণের আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে।
আমি মনে করি, মাত্র দুই সপ্তাহে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে শিক্ষার্থীদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ পেলে ধীরে ধীরে ডাইনিংয়ের পরিবেশ ও খাবারের মান আরও উন্নত করা সম্ভব হবে। আমার লক্ষ্য, শিক্ষার্থীরা যেন সাশ্রয়ী মূল্যে ভালো খাবার পায় এবং স্বাধীনতা হল ডাইনিংয়ের প্রতি তাদের আস্থা ফিরে আসে।'

এমএসএম / এমএসএম

Link Copied