বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

খালিয়াজুরীতে নিখোঁজের একদিন পর সুরমা নদীতে ভাসছে শিক্ষকের মরদেহ

reporter

মৃণাল কান্তি দেব,খালিয়াজুরী

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:০২ অপরাহ্ণ


খালিয়াজুরীতে নিখোঁজের একদিন পর সুরমা নদীতে ভাসছে  শিক্ষকের মরদেহ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের একদিন পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রমানাথপুর ও খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অদ্বৈত্য সরকার আদিত্যের বলে শনাক্ত করেন।

নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর তাঁর ছেলে তন্ময় সরকার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বাবার নিখোঁজের বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি জানান, শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগের দিন রাত আনুমানিক ১১টার পর থেকে তাঁর বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন।

নিখোঁজের প্রায় একদিন পর বৃহস্পতিবার সকালে সুরমা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নদীতে ভাসমান অবস্থায় মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের অপেক্ষা করতে হবে।

মৃণাল কান্তি দেব,খালিয়াজুরী / এমএসএম

Link Copied