সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

সুন্দরবনে ইঞ্জিন বিকল বোটসহ রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থী উদ্ধার

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ


সুন্দরবনে ইঞ্জিন বিকল বোটসহ রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থী উদ্ধার

সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, রাস পূর্ণিমা উপলক্ষে গত শনিবার (২১ নভেম্বর) রাত ১১টায় ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা করে পুণ্যার্থীবাহী বোটটি। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে রূপের গাংসংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায় এবং সেটি নদীতে ভাসতে থাকে। এতে পুণ্যার্থীরা চরম বিপাকে পড়েন। একপর্যায়ে বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার একটি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, উদ্ধারকৃত পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহের পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। জনসেবা ও নৌপথের নিরাপত্তায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

Link Copied