
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০১:২৬ অপরাহ্ণ

ট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে পড়ায় অনেকটা মৃতপ্রায় হয়ে পড়েছে ৫০ কিলোমিটার দীর্ঘ লাকসাম-নোয়াখালী রেলরুট। ট্রেন চলাচল সীমিত হয়ে পড়ায় এতদিন রেললাইনে স্থানীয়দের লাকড়ি ও কাঁথা শুকাতে দেখা যেত। তবে এখন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে রেললাইনের ওপর বেয়ারিং চাকা লাগানো বিশেষ ট্রলি বা বিকল্প যান তৈরি করে চলছে অবাধ পণ্য পরিবহন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলেও রেলওয়ে কর্তৃপক্ষের তেমন কোনো তদারকি চোখে পড়ছে না।সরেজমিনে মনোহরগঞ্জের খিলা এলাকা ঘুরে দেখা গেছে, এক ধরনের বেয়ারিং চাকা দিয়ে তৈরি ট্রলিতে করে মাছ ও মুরগির খাদ্য, খড়, ডিমসহ বিভিন্ন ভারী মালামাল পরিবহন করছেন স্থানীয় ৮ থেকে ১০ জন ব্যক্তি। ঝুঁকিপূর্ণ এই কাজের বিষয়ে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। এ ছাড়া লাকসামের তপইয়া এলাকায় রেললাইনের ওপর কাঁথা ও লাকড়ি শুকাতে দেখা গেছে।রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী রুটে একসময় দুই জোড়া ডেমু কমিউটার, দুই জোড়া লোকাল ট্রেন এবং দুটি আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করত। কিন্তু বর্তমানে কেবল আন্তনগর 'উপকূল এক্সপ্রেস' চালু রয়েছে। এ ছাড়া সপ্তাহে তিন দিন একটি লোকাল ট্রেন চললেও ইঞ্জিন স্বল্পতার কারণে প্রায়ই সেটির যাত্রা বাতিল হয়। এর ওপর জনবল ও স্টেশন মাস্টার সংকটে বন্ধ হয়ে গেছে এই রুটের দৌলতগঞ্জ, খিলা, বিপুলাসার, বজরা ও মাইজদী রেলস্টেশন।মনোহরগঞ্জ উপজেলার খিলা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, দেড় দশক ধরে স্টেশনটি বন্ধ থাকায় তা এখন অনেকটা পরিত্যক্ত ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। স্টেশনের প্ল্যাটফর্মে স্থানীয় ব্যবসায়ীরা মালামাল স্তূপ করে রেখেছেন, কোথাও বাঁধা রয়েছে গরু-ছাগল। প্ল্যাটফর্মের এক পাশে চলছে জুয়ার আসর। স্টাফ কোয়ার্টার গুলো জরাজীর্ণ অবস্থায় ভেঙে পড়ে আছে। রেলওয়ে থেকে ভাড়া নেওয়া প্ল্যাটফর্মের দুটি দোকান থাকলেও ট্রেন না থাকায় সেগুলো ক্রেতাশূন্য।
খিলা বাজারের ক্রেতা মোহাম্মদ উল্লাহ আক্ষেপ করে বলেন, একসময় এই স্টেশনটি বেশ জমজমাট ছিল। এখন ট্রেন কমে গেছে, স্টেশনও বন্ধ। ফলে যাতায়াতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় যাত্রী আবদুর রহিম জানান, আগে এই রুটে নিয়মিত ৪-৫টি ট্রেন চলত। এখন ট্রেন কমে যাওয়ায় সাধারণ মানুষ সাশ্রয়ী ভাড়ায় যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান।এ বিষয়ে রেলওয়ে কুমিল্লার একাধিক সূত্র জানায়, মূলত ইঞ্জিন সংকটের কারণে ট্রেন কমানো হয়েছে এবং স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবলের অভাবে স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে স্টেশনগুলো পুনরায় চালু করা হবে।
রেললাইনে অবৈধ যান চলাচলের বিষয়ে রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ বলেন, রেললাইনে অন্য কোনো পরিবহন চালানো সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















