সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

ঘোড়াঘাটে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ


ঘোড়াঘাটে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহীদুল ইসলাম আকাশ উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা এবং ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এর আগে গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে একটি চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ মামলা দায়ের করে। ওই সময় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাঁসুয়া, লাঠি ও লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ১৫ নভেম্বরের মামলাটি তদন্ত করতে গিয়ে শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

Link Copied