সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

টানা বৃষ্টিতে চলনবিলে রবি শস্যের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

reporter

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০১:০৩ অপরাহ্ণ


টানা বৃষ্টিতে চলনবিলে রবি শস্যের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

বৈরী আবহাওয়ায় টানা ৫ দিনের অতিবৃষ্টিতে শস্যভান্ডার খ্যাত নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলে রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অসময়ের এই বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সরিষা, আলু, ভুট্টা ও গমসহ বিভিন্ন শীতকালীন ফসলের জমি। এতে চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় হাজারো কৃষক।

 চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় চলনবিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে সরিষা, আলু, ভুট্টা, গম, রসুন ও খেসারিসহ নানা ধরনের রবি শস্যের আবাদ করেছিলেন কৃষকরা। অধিকাংশ জমিতে চারা গজিয়ে বড় হতে শুরু করেছিল, আবার অনেক জমিতে সবেমাত্র বীজ বপন করা হয়েছিল। কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়ার প্রভাবে টানা তিন দিনের ভারী বর্ষণে নিচু ও সমতল জমিতে পানি জমে যায়।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অধিকাংশ ফসলি জমি এখন পানির নিচে। আলু ও সরিষার বীজ পানিতে তলিয়ে পচে যাওয়ার উপক্রম হয়েছে। ভুট্টা ও গমের চারাগুলোও জলাবদ্ধতার কারণে হলুদ হয়ে নষ্ট হতে শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক জানান, ধারদেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে তারা এ বছর রবি শস্যের আবাদ করেছিলেন। আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশাও করেছিলেন তারা। কিন্তু টানা ৪  দিনের বৃষ্টিতে সব স্বপ্ন পানিতে ভেসে গেছে। এখন কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন আর সংসার চালাবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন চাষিরা।

এ বিষয়ে সিংড়া উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান জানান, , বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছেন। পানি দ্রুত নিষ্কাশনের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

Link Copied