সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

reporter

মাসুদ সালেহ উদ্দিন, জ্যৈষ্ঠ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ


মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহাখালী কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানুষের কল্যাণ, মানবিকতা ও উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব পাবে। নিজের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান, বনানী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানার ১০৭ জন দুস্থ মানুষ, দুজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নে ৪০ জনসহ মোট ১৬৫ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের কাছে আর্থিক সহায়তার চেক ও নিমগাছের চারা তুলে দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অপরদিকে, রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে গত ১৫ নভেম্বর ভোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া সাতটি পরিবারের হাতে প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘরের চাবি তুলে দেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি অগ্নিকাণ্ডে নিহত ১৯ বছর বয়সী তরুণ শাহরিয়ার রহমান শুভ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এমএসএম / এমএসএম

Link Copied