সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

বাগেরহাটে বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০১:০৩ অপরাহ্ণ


বাগেরহাটে বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃক প্রস্তাবিত ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিক ও গ্রামবাসীরা। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বসতভিটা, পৈতৃক সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, পারিবারিক কবরস্থান এবং নির্মাণাধীন মসজিদ ও মাদ্রাসার জন্য নির্ধারিত জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শরিফুল ইসলাম বাবু। তিনি বলেন, বাগেরহাট জেলার ১৬৪ নম্বর চিতলী মৌজায় পিজিসিবি প্রস্তাবিত ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ প্রকল্পের সঞ্চালন লাইন তাঁদের বসতবাড়ি ও পৈতৃক সম্পত্তির মধ্যভাগ দিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জমিতে বসতবাড়ি, ভাড়ায় পরিচালিত দোকানঘর এবং ভবিষ্যতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া একই জমিতে পারিবারিক কবরস্থান, নির্মাণাধীন তিনতলা মসজিদ ও মাদ্রাসার জন্য নির্ধারিত স্থান রয়েছে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, প্রস্তাবিত উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন স্থাপন করা হলে নিরাপত্তা দূরত্ব ও নির্মাণসংক্রান্ত বিধিনিষেধের কারণে জমির স্বাভাবিক ব্যবহার, ভবিষ্যৎ আবাসন, ব্যবসা সম্প্রসারণ এবং সম্পত্তির বাজারমূল্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শরিফুল ইসলাম বাবু বলেন, ‘আমরা দেশের উন্নয়ন কিংবা বিদ্যুৎ প্রকল্পের বিরোধী নই। তবে বিকল্প রুটের সম্ভাবনা যাচাই না করে কেন মানুষের বসতভিটা ও ভবিষ্যতে নির্মাণযোগ্য জমির মধ্যভাগ দিয়ে সঞ্চালন লাইন নেওয়া হবে, সেটিই আমাদের প্রশ্ন।’

তিনি আরও জানান, এ বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে গত ১৫ নভেম্বর বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে এবং আইনজীবীর মাধ্যমে পিজিসিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় কিংবা পিজিসিবি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো লিখিত সিদ্ধান্ত পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট এলাকার প্রায় অর্ধশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে জানতে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

Link Copied