
ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০১:২৫ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, বাসমালিক সমিতির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার রোধ, যানজট নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, বিএনপির প্রবীণ নেতা কাজী নিজাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন, সদস্য সচিব মোঃ ফেরদৌস ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এটিএম শাহজাহান মানিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু ,জুলাই যোদ্ধা মোঃ আব্দুল লতিফ, লায়ন , উপজেলা জাসাস কমিটির যুগ্ম আহ্বায়ক এম এস মহিবুল নঈম সিমন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় বক্তারা ভূরুঙ্গামারা উপজেলার বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। বক্তারা বলেন, মাদক শুধু যুবসমাজকেই ধ্বংস করছে না, এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তাঁরা। এ ছাড়া সভায় সোনাহাট নতুন সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। সেতুর কাজ দ্রুত শেষ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মত প্রকাশ করেন বক্তারা। অন্যদিকে, ভূরুঙ্গামারী বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান উপস্থিত ব্যক্তিরা। যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়কে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনসাধারণের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে প্রশাসনের আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম উপস্থিত সবার বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। আলোচনায় উঠে আসা সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলেও আশ্বস্ত করেন।
তিনি উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সমাজ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।



















