সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

রাজস্থলীতে তিন দিনব্যাপী গিরিরাজ গোবর্ধন পূজা ও অষ্টপ্রহর মহানামযজ্ঞ সম্পন্ন

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০১:৩৮ অপরাহ্ণ


রাজস্থলীতে তিন দিনব্যাপী গিরিরাজ গোবর্ধন পূজা ও অষ্টপ্রহর মহানামযজ্ঞ সম্পন্ন

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জের উদ্যোগে তিন দিনব্যাপী শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণোৎসব এবং গুরুদেব শ্রী শ্রী ১০৮ চরণ দাস বাবাজি মহারাজের চতুর্থ তিরোভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটে।

উৎসব উপলক্ষে গত শনিবার (২১ নভেম্বর) বিকেলে সেবাকুঞ্জ প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজির সভাপতিত্বে এবং গিরিধারী গীত বিদ্যাপীঠের শিক্ষক বিপ্লব মল্লিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী ১০৮ স্বরূপ দাস বাবাজি মহন্ত মহারাজ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ এবং প্রধান ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন পংকজ ভূষণ চৌধুরী ও স্বাগত বক্তব্য রাখেন সেবাকুঞ্জের সাধারণ সম্পাদক জিকু কুমার দে।

ধর্মসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি নিপতি দে, ডা. রেনেনজুই এবং সেবাকুঞ্জের উপদেষ্টা অরুন সেন।

আলোচনা সভার পূর্বে সকাল থেকে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মঠ ও মন্দিরের গীতা স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ উৎসবে আগত শত শত ভক্ত ও পুণ্যার্থীর মাঝে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

Link Copied