সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

ভাটারায় ১২০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter

নারগিস পারভীন

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ণ


ভাটারায় ১২০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ১২০ লিটার দেশীয়ভাবে তৈরি চোলাই মদসহ মোঃ শামীম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা।
তথ্য নিশ্চিত: সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম।
বিস্তারিত: এসআরবি-১ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে এসআরবি-১-এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) এর একটি আভিযানিক দল রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা জে ব্লকের ১৩ নম্বর রোডসংলগ্ন প্যারাগন কার সেলস সেন্টারের সামনে অভিযান চালায়।
এ সময় রাস্তায় অবস্থানরত মোঃ শামীম ও তার এক সহযোগী পালানোর চেষ্টা করে। আভিযানিক দলের সদস্যরা শামীমকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী পালিয়ে যায়।
পরে আটক শামীমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ও তার পলাতক সহযোগী অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে দেশীয়ভাবে তৈরি চোলাই মদ অন্যত্র স্থানান্তরের জন্য সেখানে অবস্থান করছিলেন।
পরবর্তীতে শামীমের হেফাজতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩২৫টি বোতলে সংরক্ষিত মোট ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা।
গ্রেপ্তার শামীম ও উদ্ধার করা মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

aliul / aliul

Link Copied