
নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে অ্যালামনাই সংগঠন ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্যাগসা)’। নবগঠিত এ সংগঠনে পঞ্চম ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মো. খালেদ ইবনে ইউসুফ উল্লাস সভাপতি এবং ষষ্ঠ ব্যাচের (২০১১-১২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সোলাইমান কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটি ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্যাগসার অফিশিয়াল লোগো উন্মোচন করেন উপস্থিত শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা। লোগো উন্মোচন শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফেলে আসা শিক্ষাজীবনের স্মৃতিচারণ পর্বের আয়োজন করা হয়।
নবগঠিত এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যোগাযোগ ও ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়নে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।























