
শিক্ষায় লক্ষাধিক পদ শূন্য, জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মাউশি
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ

দেশের শিক্ষাব্যবস্থায় শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—প্রায় প্রতিটি স্তরেই বিপুলসংখ্যক শিক্ষক পদ শূন্য পড়ে রয়েছে। কোথাও প্রধান শিক্ষক নেই, কোথাও বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় একদিকে বাড়ছে শিক্ষার্থীদের শিখন ঘাটতি, অন্যদিকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে চাপে পড়ছেন কর্মরত শিক্ষকরা। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনাকারী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেও (মাউশি) রয়েছে জনবল সংকট। অধিদপ্তরের সরকারি ও বেসরকারি মাধ্যমিক শাখায় সহকারী পরিচালকের অনুমোদিত ৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন। সরকারি মাধ্যমিক শাখার উপ পরিচালক নেই একজন। ফলে বিশালসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে।
মাউশির তথ্য অনুযায়ী, দেশের ৬৯৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ অর্ধেকেরও বেশি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ১৬ হাজার ৬০১টি পদের বিপরীতে গত সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন ১৩ হাজার ১৯২ জন। শূন্য ছিল আরও ৩ হাজার ৪০৯টি পদ।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট আরও প্রকট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬৭ হাজার ৮৭টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে মাত্র ১৮ হাজার ৩৯৯টি। যাচাই-বাছাই শেষে নিয়োগের সুপারিশ পান ১১ হাজার ৭১৩ জন। ফলে ওই নিয়োগপ্রক্রিয়াতেই ৫৫ হাজার ৩৭৪টি পদ পূরণ হয়নি। পরবর্তী সময়ে আরও কিছু পদ শূন্য হওয়ায় বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ৬০ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে।
প্রাথমিকে শূন্য ৪৩ হাজার পদ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষক পদ ৪ লাখ ২৯ হাজার ৫৩১টি। গত সেপ্টেম্বর পর্যন্ত এসব পদে কর্মরত ছিলেন প্রায় পৌনে চার লাখ শিক্ষক। তখন শূন্য পদ ছিল প্রায় ৫৬ হাজার। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ ৩৬ হাজার ২৩৫টি এবং সহকারী শিক্ষকের পদ প্রায় ২০ হাজার। তবে নতুন করে ১৪ হাজার সহকারী শিক্ষক যোগদান করায় বর্তমানে শূন্য পদ কমে প্রায় ৪৩ হাজারে দাঁড়িয়েছে।
সরকারি কলেজেও শিক্ষক সংকট উদ্বেগজনক। পুরোনো সরকারি ও জাতীয়করণ করা ৬৫৩টি কলেজে প্রায় পৌনে চার হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে পুরোনো সরকারি কলেজগুলোতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত প্রভাষকের ৬৫৬টি পদ খালি। সরকারি ও সদ্য জাতীয়করণ করা কলেজগুলোতে প্রভাষক পর্যায়ে তিন হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে এসব কলেজে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ের ক্লাস চালানোর চেষ্টা করা হচ্ছে।
কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি পদ খালি
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষক সংকটের চিত্র আরও উদ্বেগজনক। অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের মধ্যে শূন্য রয়েছে ৮ হাজার ৪৮৬টি। অর্থাৎ মোট পদের অর্ধেকের বেশি জায়গায় শিক্ষক নেই। এসব শূন্য পদের মধ্যে ২ হাজার ২০৪টিতে নিয়োগের সুপারিশ চেয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদা পাঠানো হয়েছে। দক্ষ জনশক্তি তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ এ খাতে দীর্ঘদিনের শিক্ষক সংকট কারিগরি শিক্ষার মান ও সম্প্রসারণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
যোগ্য প্রার্থী থাকলেও আটকে নিয়োগ
একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষক পদ শূন্য, অন্যদিকে যোগ্যতা অর্জন করেও নিয়োগের অপেক্ষায় রয়েছেন বিপুলসংখ্যক প্রার্থী। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি ৯ হাজার ৮৪২ জন।
প্রার্থীদের দাবি, প্রায় ১৯ লাখ আবেদনকারীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ৬০ হাজার ৬৩৪ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাদের মধ্যে ১৭তম, ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন। বাকি ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত। তাদের অভিযোগ, গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্য পদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।
দ্রুত নিয়োগের দাবিতে গত রোববার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন এসব প্রার্থী। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
এদিকে প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরাও নিয়োগের দাবিতে আন্দোলন করছেন। গত রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। গত ৮ নভেম্বর সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়। এ সুপারিশ বাস্তবায়নে সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন প্রার্থীরা।
শুধু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নিয়োগ জটিলতার অভিযোগ রয়েছে। শিক্ষক সংকটের মধ্যেই চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ পাওয়া ৮৩ জন সহকারী শিক্ষক এখনো নিয়োগপত্র পাননি। তাদের অভিযোগ, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা মামলা না থাকা সত্ত্বেও অসত্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিয়োগ আটকে রাখা হয়েছে। দ্রুত পুনরায় যাচাই-বাছাই করে নিয়োগপত্র দেওয়ার দাবিতে গত রোববার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষা প্রশাসনেও জনবল সংকট
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের পাশাপাশি শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও জনবল ঘাটতি রয়েছে। বিশেষ করে মাউশির সরকারি ও বেসরকারি মাধ্যমিক শাখায় সহকারী পরিচালকের অনুমোদিত দুটি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন একজন। অধিদপ্তরের অন্যান্য পদেও শূন্যতা রয়েছে বলে জানা গেছে। ফলে শিক্ষক নিয়োগ, বদলি, পদোন্নতি, এমপিওসহ বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মচারীর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা অধিদপ্তর নিজেই জনবল সংকটে থাকায় কার্যক্রমের গতি ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
সরকারি চাকরিতে পাঁচ লাখ পদ শূন্য
শুধু শিক্ষা খাত নয়, সামগ্রিক সরকারি প্রশাসনেও রয়েছে বড় ধরনের জনবল ঘাটতি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদিত পদের সংখ্যা ছিল ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর বিপরীতে কর্মরত ছিলেন ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। অর্থাৎ শূন্য ছিল ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত নিয়ে উদ্বেগ রয়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫ অনুযায়ী, দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৭ লাখ ১৬ হাজার ৩৯০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ১৬ হাজার ৫৭২ জন। অর্থাৎ একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী প্রায় ৪৩ জন। আন্তর্জাতিক মানদণ্ডে এ অনুপাত ১:২০।
অন্যদিকে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৩ লাখ ৯৩ হাজার ৪৭৩ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ১৭ হাজার ৭৯৩ জন। সেখানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২২। তবে এসব বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের প্রায় ২৭ শতাংশ খণ্ডকালীন। ফলে উচ্চশিক্ষার মান নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নিয়োগের পরিকল্পনা সরকারের
সরকারি চাকরিতে বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে বড় পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানিয়েছেন, সরকারি বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের বলেছেন, শিক্ষক সংকট গত ১৫ বছর ধরে চলে আসছে। বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগের একটি প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। সরকার শিক্ষক নিয়োগের লক্ষ্যে কাজ করছে। ধাপে ধাপে এ সংকট দূর করতে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।






















