বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

রায়গঞ্জের নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের সম্পদ সরানোর অভিযোগে তদন্তের সিদ্ধান্তের অপেক্ষায় সচেতন মহল

reporter

সাইদুল ইসলাম আবির

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ


রায়গঞ্জের নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের সম্পদ সরানোর অভিযোগে তদন্তের সিদ্ধান্তের অপেক্ষায় সচেতন মহল

সরকারি সম্পদ সরিয়ে নেওয়া, প্রকল্পের গাছ বিক্রি ও হ্যাচারির মাছের রেণু গোপনে বিক্রির অভিযোগে তদন্ত শেষ হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছী সরকারি মৎস্যচাষ প্রকল্পে। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন জমা দিয়েছে। কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রকল্পের অনিয়ম নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রকল্পের ৬৫টি খুঁটি ও তিন বান্ডিল কাঁটাতার নিজ বাড়িতে নিয়ে গেছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা। এ ছাড়া প্রকল্পের গাছ বিক্রি এবং হ্যাচারির মাছের রেণু গোপনে বিক্রির অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর। অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। গত ২৬ অক্টোবর কমিটির সদস্যরা প্রকল্প এলাকায় সরেজমিন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেন। তদন্ত শেষে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদনটি বিভাগীয় পরিচালকের কাছে জমা দেওয়া হয়।

তবে তদন্ত প্রতিবেদন জমা পড়লেও এখন পর্যন্ত অভিযুক্ত কর্মকর্তা মো. মাসুদ রানা স্বপদে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে মাসুদ রানা বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো দাপ্তরিক নির্দেশনা না পাওয়ায় তিনি আগের মতোই দায়িত্ব পালন করছেন।

তদন্ত কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, তাঁরা যথাযথভাবে তদন্ত সম্পন্ন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পরিচালকের কাছে পাঠিয়েছেন।

অন্যদিকে রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। সেটি মন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে।

এদিকে সরকারি প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা ও প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের মতে, তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ার পরও ব্যবস্থা নিতে বিলম্ব হলে সরকারি সম্পদ রক্ষায় জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

সাইদুল ইসলাম আবির / এমএসএম

Link Copied