বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

পেকুয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত, ৫ শতাধিক রোগীকে সেবা প্রদান

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ


পেকুয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত, ৫ শতাধিক রোগীকে সেবা প্রদান

কক্সবাজারের পেকুয়ায় প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাক্ষিক পেকুয়া, পেকুয়া প্রেসক্লাব ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দিনব্যাপী উপজেলার পূর্ব উজানটিয়া ইউনিয়নের গোদারপাড় এলাকায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। পাশাপাশি অস্ত্রোপচারের জন্য গুরুতর ৫১ জন রোগীকে শনাক্ত করেন চট্টগ্রামের হালিশহরস্থ এলিট আই কেয়ার হসপিটালের চিকিৎসকেরা। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) তাঁদের অপারেশন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাক্ষিক পেকুয়ার সম্পাদক ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত ব্যক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম এ চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ছফওয়ানুল করিম বলেন, মানুষের সেবা করাই সবচেয়ে বড় মানবিক কাজ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অর্থের অভাবে পেকুয়ার কোনো মানুষ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্য সামনে রেখে প্রতি বছরের মতো এবারও এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারী, চট্টগ্রাম এলিট আই কেয়ার হসপিটালের প্রতিষ্ঠাতা ও সিইও অ্যাডভোকেট জিল্লুর রহমান, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহের প্রতিনিধি মোহাম্মদ ইসহাক মেম্বার, ফাউন্ডেশনের পরিদর্শক মাওলানা আ ন ম আহমদুল্লাহ, উপজেলা যুবদল নেতা ইয়াছিন আরাফাত এবং সাংবাদিক এফ এম সুমন, সোহেল আজিম, দেলোয়ার হোছাইন, বাহার উদ্দিন, শহীদুল ইসলাম, ইউনুস ও হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজক ও বক্তারা জানান, মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ কর্মসূচির মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ বিনা খরচে মানসম্মত চক্ষু চিকিৎসা ও অপারেশনের সুযোগ পাচ্ছেন।

এমএসএম / এমএসএম

Link Copied