
আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবিতে লাহিড়ী মোহনপুরে রেললাইন অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৩৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেললাইন অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ব্যানার নিয়ে রেললাইনের ওপর অবস্থান করে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবি, লাহিড়ী মোহনপুর রেলস্টেশন ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য রেলপথের ওপর নির্ভরশীল। অথচ গুরুত্বপূর্ণ এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাঁদের দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে ঢাকা ও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে স্থানীয়দের। এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় দ্রুত আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর দাবি জানান তাঁরা।
লাহিড়ী মোহনপুর স্টেশন মাস্টার রেজওয়ান জানান, প্রায় আড়াই ঘণ্টা রেললাইন অবরোধ থাকায় ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এতে বনলতা, সিল্কসিটি ও পাবনা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের চলাচল ব্যাহত হয়। ফলে ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন হলে উল্লাপাড়া ও আশপাশের এলাকার মানুষের রেল যোগাযোগ আরও সহজ হবে। তাই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর জন্য সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।



















