বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

reporter

বি এম শামীম

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ


টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে টুঙ্গিপাড়া পৌরসভা এবং পাটগাতী, গোপালপুর, কুশলী ও ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি পাটগাতী বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সামনে দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক শেখ এবং পৌর যুবলীগের সভাপতি নুরুল হক। এ সময় বক্তারা দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বি এম শামীম / এমএসএম

Link Copied