
ডেলিভারি দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার কুরিয়ারকর্মী, লুট টাকা
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ

খালিয়াজুরী হাসপাতালে চিকিৎসারত অবস্থায়
নেত্রকোনার খালিয়াজুরীতে স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শ্রাবন পাঠান (২৮) নামে ওই কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথা, হাত ও পিঠে ১৫টির বেশি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উদয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাঁর জ্ঞান ফিরলেও এখনো কথা বলতে পারছেন না তিনি।
আহত শ্রাবন পাঠান উপজেলার সাতগাঁও গ্রামের কাঞ্চন পাঠানের ছেলে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কুরিয়ার সার্ভিসের মালামাল ডেলিভারি দিতে মোটরসাইকেল নিয়ে বের হন শ্রাবন। দুর্গম হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় মালামাল পৌঁছে দিতে তাঁর বেশ সময় লাগে। রাত ৯টার দিকে উদয়পুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা, হাত ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাঁর সঙ্গে থাকা ডেলিভারির ১ লাখ ১৪ হাজার টাকা ও গ্রাহকদের মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।
গুরুতর আহত অবস্থায় শ্রাবন নিজেই মোটরসাইকেল চালিয়ে উদয়পুর বাজারের কাছাকাছি সড়কে পৌঁছান। সেখানে অচেতন হয়ে পড়ে গেলে পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোমবার দুপুরে শ্রাবনের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনো কথা বলতে পারছেন না। ইশারার মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নিজের প্রয়োজনের কথা জানাচ্ছেন।
খালিয়াজুরী স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের শাখা অফিসের কর্মী সজিব সরকার বলেন, শ্রাবনের কাছে ডেলিভারির ১ লাখ ১৪ হাজার টাকা ছিল। এ ছাড়া গ্রাহকদের মালামালও ছিল। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর জ্ঞান ফিরলেও এখনো কথা বলতে পারছেন না।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মী শ্রাবন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















