
রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষুদ্ধ হয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা, কিরিচ উদ্ধার
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সরকার ঘোষিত ‘ডেভিলহান্ট’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মরিয়মনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রশিদিয়া পাড়ার মৃত কামাল উদ্দিনের ছেলে ও সাবেক উপজেলা যুবলীগের সদস্য আহমদ শাহ (৪০), একই এলাকার মো. লোকমানুল হকের ছেলে ও মরিয়মনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আজগর হোসেন (৩২), মরিয়মনগর ৯নং ওয়ার্ডের ইছামতি এলাকার খায়রুল আলমের ছেলে মো. এরশাদ (৪২) এবং উত্তর পোমরা ৩নং ওয়ার্ডের সাম তালুকদার বাড়ির মৃত আবদুল ছমদের ছেলে ও ৬নং পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহামদুল হক সওদাগর (৫৬)।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই নাজমুল হাসান, এসআই গোলাম মোস্তফা, এসআই সাহিদুল বিশ্বাস ও এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল মরিয়মনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা পেনাল কোডের ৩০৪/৩৪ ধারার একটি মামলা (মামলা নং-১২, তারিখ: ২২/০১/২০২৫) এবং সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ ও বিস্ফোরক দ্রব্য আইনে (১৯০৮) দায়ের করা অপর একটি মামলা (মামলা নং-১৩, তারিখ: ২২/১১/২০২৬) রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন।
এদিকে পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহমদুল হক গ্রেফতারের খবর পেয়ে তার সন্তান ছাত্রলীগ কর্মী ফাহিম (২৩) ও ফয়সাল (১৯) কিরিচ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আজিম তালুকদার ও দুবাই আল আবির বিএনপির সাধারণ সম্পাদক আরিফ তালুকদার, ওমান প্রবাসী নুরুল আবছার ও হারুন রশীদ এর বাড়িতে হামলা করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এসময় তারা বাড়িতে থাকা মহিলাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার এসআই জাকিরের নেতৃত্বে পুলিশ এসে আহমদুল হকের বাড়ি থেকে কিরিচ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ফাহিম ও ফয়সাল পালিয়ে যায় বলে জানান থানা পুলিশ।



















