
আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ

নওগাঁর আত্রাইয়ে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আত্রাই-এর আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, কৃষিই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এই প্রণোদনার সার ও বীজ সঠিকভাবে কাজে লাগিয়ে কৃষকরা সরিষার বাম্পার ফলন ফলাবেন এবং নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন বলে আমি আশা করি। এ সময় তিনি কোনো জমি পতিত না রেখে চাষাবাদের আওতায় আনার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৭ হাজার ২০০ জন কৃষককে পর্যায়ক্রমে বিনামূল্যে সরিষা বীজ ও সার দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় উদ্বোধনী দিনে বুধবার (২৫ নভেম্বর) ২০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।




















