
গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ১৬ প্লাটুন বিজিবি ও ১৭ প্লাটুন আনসার মোতায়েন
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ

গাজীপুর শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ১২টি টহল দল (পেট্রোল) এসআরবি ও ১৭ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন ও উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মোতায়েনকৃত বিজিবি ও আনসার সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসআরবি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা সমন্বয় করে কাজ করছেন।
এর আগে বুধবার সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন। এ ছাড়া ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনা, বাঘের বাজার ও টঙ্গীসহ বিভিন্ন এলাকার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এবং দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
গাজীপুর ৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানান, গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুর পোড়াবাড়ী এসআরবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজীত পাল বলেন, অন্যান্য বাহিনীর পাশাপাশি গাজীপুর শিল্পাঞ্চলে ১২টি এসআরবি টহল দল সার্বিক নিরাপত্তায় কাজ করছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, শিল্পাঞ্চল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি ১৭ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।




















