বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

বোয়ালমারীতে বিনামূল্যে খাদ্য সহায়তার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কথিত এক এনজিওর বিরুদ্ধে

reporter

জাকির হোসেন,বোয়ালমারী

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ


বোয়ালমারীতে বিনামূল্যে খাদ্য সহায়তার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কথিত এক এনজিওর বিরুদ্ধে

এনজিও প্রতিষ্ঠানটির নাম "যুব কণ্ঠ সোসাইটি"। বলা হচ্ছে, তাদের কাজ হলো- বিনামূল্যে দরিদ্রদের খাদ্য সহায়তা দেওয়া। অথচ মানবিক কর্মকাণ্ডের এমন প্রচারণা চালিয়ে তারা শুরুতেই অর্থের বিনিময়ে করছেন সদস্য সংগ্রহ । মাথাপিছু দুইশত টাকা করে নিয়ে সদস্যদের হাতে ধরিয়ে দিচ্ছেন কয়েক পৃষ্ঠার একটি পাশবই। বলা হচ্ছে,সদস্য হওয়ার তিন মাস পর দেয়া হবে কাঙ্খিত সেই খাদ্য সহায়তা। আর অর্থের বিনিময়ে এভাবে সদস্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে প্রায় তিন লক্ষাধীক  টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। আর এ নিয়ে স্থানীয় সচেতন মহলে সৃষ্টি হয়েছে নানা আলোচনা-সমালোচনার। সরেজমিন তথ্য অনুসন্ধানে জানা যায়, বোয়ালমারীতে যুব কণ্ঠ সোসাইটির কার্যক্রম শুরু হয়েছে প্রায় তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর থেকে। পৌর সদরের ওয়াপদা মোড়ে  কাজী হারুন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় চোখ ধাঁধানো বিশাল অফিস খুলে নির্বিঘ্নে চলছে তাদের সদস্য সংগ্রহের এই রমরমা কারবার। ইতিমধ্যে তালিকায় নাম উঠিয়েছেন প্রায় ১৫ শত অভাবী নারী পুরুষ। বিনামূল্যে চাল,ডাল,আটা,তেল,চিনি দেওয়ার প্রচারণায় প্রলুদ্ধ হয়ে তালিকায় নাম লেখাতে রীতিমতো দল বেঁধে অফিসে এসে ভিড় জমাচ্ছেন বিশেষ করে গ্রামগঞ্জের অসচ্ছল ও অসচেতন পরিবারের সদস্যরা। যুব কণ্ঠ সোসাইটির পাশ বই হাতে পেয়ে সেটাকে কেউ বলছেন "ফ্যামিলি কার্ড" আবার কেউ বলছেন রেশন কার্ড। গ্রামগঞ্জে এমন কার্ডের কথা বলে  প্রচারণা চালিয়ে যুব সোসাইটির সদস্য হতে গরিব-অসহায়দের আকৃষ্ট করা হচ্ছে বলে অভিযোগ। এক প্রশ্নের জবাবে সৈয়দপুর গ্রামের মাজেদা বেগম বলেন, 'শুনলাম ২০০ টাকার বিনিময়ে  ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। সারা বছর বিনামূল্যে চাল ডাল পাওয়া যাবে।  তাই কষ্ট-মষ্ট করে একটা সদস্য হলাম। ভাগ্য ভালো হলে পাবো না হয় ২০০ টাকার উপর দিয়ে যাবে'। অনুসন্ধান কালে একাধিক সূত্র জানায়,প্রতিষ্ঠানটি শুরুতেই উপজেলার বিভিন্ন এলাকায় আটা,চিনি সেমাই সহ কিছু খাদ্য সামগ্রী বিতরণ করে। এরপর থেকেই এনজিওটির সদস্য হওয়ার জন্য গরিব অসহায়দের আগ্রহ  বেড়ে যায়। বিগত  তিন মাসে প্রায় ১৫ শত সদস্য বানিয়ে তারা ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে তিন লক্ষাধিক টাকা।   এ ধারা অব্যাহত থাকলে আগামী কিছুদিনের মধ্যেই তারা আরও বিপুল পরিমাণ  অর্থ হাতিয়ে নেবে। এরপর কোন কারণবশত প্রতিষ্ঠানটি যদি বন্ধ  অথবা লাপাত্তা হয়েও যায় তবে তাদের মিশন শতভাগ সাফল্যমন্ডিত হতে আর কিছুই বাকি থাকবে না। প্রতিষ্ঠানটির বোয়ালমারী উপজেলা শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ লিটন বিশ্বাস নামের এক যুবক। সোসাইটির কার্যক্রম নিয়ে আলোচনা কালে তিনি বলেন,যুব কণ্ঠ সোসাইটি বাংলাদেশ এনজিও ব্যুড়োর অনুমোদিত একটি প্রতিষ্ঠান। ফরিদপুর জেলা প্রশাসক, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা চিঠির মাধ্যমে  অবহিত করে শুধু বোয়ালমারীতেই নয় পার্শ্ববর্তী আলফা ডাঙ্গা ও সালথা উপজেলায়ও শাখা স্থাপন করে কার্যক্রম চালিয়ে আসছি। খাদ্য সহায়তা নিয়ে দরিদ্র মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়েই আমাদের এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এখানে কোন অনিয়ম বা বেআইনি ভাবে কোন কিছু হচ্ছে না। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,যুব কণ্ঠ সোসাইটি নামে কোন প্রতিষ্ঠানের সঙ্গে তার কোন পরিচয় নেই। তবে সমাজে ভালো কাজ যে কেউ করতে পারেন। কিন্তু সেবার নামে পাবলিকের কাছ থেকে অর্থ নেওয়ার এখতিয়ার কোন এনজিওর নেই। কোন এনজিও অন্যায় ভাবে কিছু করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি তাৎক্ষণিকভাবে কাগজপত্র সহ এনজিও কর্মকর্তাদের ইউএনও অফিসে হাজির হতে তাদের মুঠোফোনে কল দেওয়ার জন্য তার সহকারীকে নির্দেশনা দেন।

এমএসএম / এমএসএম

Link Copied