
গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন, কলেজছাত্রের আত্মহত্যা
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নামের এক যুবক নিহত হয়েছেন। এর আগে রোববার দিবাগত রাতে একই এলাকায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোহান (২১) নামের এক কলেজছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও তাঁর চাচাতো ভাই আমির হোসেনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগম হাতে আঘাত পেলে ক্ষিপ্ত হয়ে আমির ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
অপরদিকে, রোববার দিবাগত রাত ১টার দিকে মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্নাতক (অনার্স) শ্রেণির শিক্ষার্থী সোহান। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহান নিজ কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক নেমে এসেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















