সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

আলফাডাঙ্গায় রবি মৌসুমে ২ হাজার ৬৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

reporter

শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ


আলফাডাঙ্গায় রবি মৌসুমে  ২ হাজার ৬৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। সরিষা, মসুর, খেসারি ও গম—এই চারটি গুরুত্বপূর্ণ রবি ফসলের চাষাবাদে কৃষকদের আগ্রহী করে তুলতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলভেদে কৃষকদের মাঝে নির্ধারিত পরিমাণে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কৃষক পাচ্ছেন সরিষা চাষের প্রণোদনা। সরিষা আবাদে ১ হাজার ৯০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
​অন্যদিকে ডালজাতীয় ফসল মসুর চাষের জন্য ৫৩০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পাশাপাশি খেসারি চাষের জন্য ১৮০ জন কৃষককে জনপ্রতি ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এ ছাড়া খাদ্যশস্য গম চাষের জন্য ৪০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি ডিএপি ও ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতেই সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। উন্নতমানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা যেন অধিক ফলন পেতে পারেন, সে বিষয়ে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।’
 
​অনুষ্ঠানে প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হাবিব বলেন, ‘কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং খাদ্য উৎপাদন বাড়াতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনার বীজ ও সার যেন প্রকৃত কৃষকদের হাতে পৌঁছায় এবং তাঁরা সঠিকভাবে তা ব্যবহার করেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।’
 
​সংশ্লিষ্টরা মনে করছেন, রবি মৌসুমের শুরুতেই চারটি ফসলের বীজ ও সার সহায়তা পাওয়ায় আলফাডাঙ্গার কৃষকদের আবাদি জমি বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
এমএসএম / এমএসএম

Link Copied