সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

ঘুষ ছাড়া কাজ করেন না কাশিয়ানী শিক্ষা কর্মকর্তা, ১৭১ বিদ্যালয়ের শিক্ষক জিম্মি!

reporter

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ


ঘুষ ছাড়া কাজ করেন না কাশিয়ানী শিক্ষা কর্মকর্তা, ১৭১ বিদ্যালয়ের শিক্ষক জিম্মি!
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, শিক্ষক হয়রানি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক কাজের ফাইল আটকে রেখে অর্থ আদায় করেন তিনি। নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখা হয়। এতে উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক ভোগান্তিতে পড়েছেন। চাকরি ও প্রশাসনিক হয়রানির আশঙ্কায় অনেক শিক্ষক প্রকাশ্যে অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না।
 
শিক্ষকদের অভিযোগ, বেতন পুনর্নির্ধারণ (পে-ফিক্সেশন), উচ্চতর গ্রেড অনুমোদন, বেতন-ভাতা সমতাকরণ, টাইম স্কেল, পিআরএল, পেনশন, বিদ্যালয়ের বরাদ্দ, চিকিৎসা অনুদান, চিকিৎসা ছুটি, বদলি এবং জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) থেকে ঋণ নেওয়াসহ বিভিন্ন কাজে শিক্ষা কর্মকর্তাকে অর্থ দিতে হয়। এ ছাড়া তার বিরুদ্ধে শিক্ষক হয়রানির অভিযোগও রয়েছে। প্রতিবাদ করলে শিক্ষকদের শোকজ করার ভয় দেখানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
 
অনুসন্ধানে জানা গেছে, কাশিয়ানী উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১ হাজার ৪৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এসব শিক্ষকের নবম পে-স্কেল অনুযায়ী ফিক্সেশন ফরম পূরণের জন্য জনপ্রতি ৩০০ টাকা করে আদায়ের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক সমিতির সভাপতি জিহাদুল ইসলামের বিরুদ্ধে।
 
গত ১৩ অক্টোবর নিজ বিদ্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন শিক্ষকরা। পরে অসিম সাহা, ইব্রাহিম, পলাশ ও লাবনীসহ কয়েকজন শিক্ষক টাকা সংগ্রহের দায়িত্ব পালন করেন। অসিম সাহা ২৩ জন শিক্ষকের কাছ থেকে টাকা সংগ্রহের বিষয়টি স্বীকার করেছেন।
 
শিক্ষকদের অভিযোগ, অনলাইনে প্রত্যেকের নিজের ফরম নিজে পূরণ করার সুযোগ থাকলেও তাদের কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। এমনকি অনেক শিক্ষক নিজেরাই অনলাইনে ফরম পূরণের কাজ সম্পন্ন করার পরও তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। আদায় করা এসব টাকার একটি অংশ উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বাকি অংশ শিক্ষক সমিতির সভাপতি জিহাদুল ইসলাম ও তাঁর সহযোগীরা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
 
শুধু পে-ফিক্সেশন নয়, বেতন সমতাকরণ ও উচ্চতর গ্রেড অনুমোদনের ক্ষেত্রেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। শিক্ষকদের দাবি, ২০২৫-২৬ অর্থবছরে বেতন সমতাকরণের জন্য ৩৬ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড অনুমোদনের জন্য ২৩ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে।
 
এদিকে, প্রতিস্থাপন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে কয়েকটি বিদ্যালয়ে শিক্ষক পদায়নের অভিযোগও রয়েছে উত্তম কুমার সরকারের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, রাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হোসেনকে নিজামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তন্বী আক্তার ও হীরা খানমকে ছোটখারকান্দি এবং মহানাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এসব পদায়ন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রেও ঘুষ লেনদেনের অভিযোগ তুলেছেন শিক্ষকরা।
 
উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক উপকরণ কেনার জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে বরাদ্দের পাঁচ মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য কোনো উপকরণ কেনা হয়নি বলে অভিযোগ রয়েছে। শিক্ষকদের দাবি, বরাদ্দের টাকা উত্তোলন করা হলেও শিক্ষার্থীরা এখনো কোনো সহায়তা পায়নি।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, “শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার ঘুষ ছাড়া কোনো কাগজে স্বাক্ষর করেন না। তিনি নিজেকে সাবেক বিএনপি-ছাত্রদল নেতা পরিচয় দেন। তার স্ত্রী ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) পরিচয় দিয়ে ক্ষমতার প্রভাব দেখান। প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে শিক্ষকদের হয়রানি করা হয়। কেউ প্রতিবাদ করলে তাকে শোকজ করা হয়। এ কারণে অনেক শিক্ষক ভয়ে মুখ খুলতে চান না।”
 
এ বিষয়ে সহকারী শিক্ষক সমিতির সভাপতি জিহাদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, “টাকা তোলার সিদ্ধান্ত হয়েছিল। পরে সেটা বাদ দেওয়া হয়েছে।”
 
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারের বক্তব্য জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “এসব অভিযোগ সঠিক নয়, মিথ্যা ও ভিত্তিহীন।”
 
তবে শিক্ষকদের উত্থাপিত অভিযোগ, অর্থ আদায়ের ঘটনা এবং বিদ্যালয়গুলোতে বরাদ্দের অর্থ ব্যয়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।
এমএসএম / এমএসএম

Link Copied