শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা ও পুণ্যস্নান শুরু কাল

reporter

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ


দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা ও পুণ্যস্নান শুরু কাল

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের সাগরপাড়ে শরণখোলা রেঞ্জের দুবলার চরে রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনের এ উৎসব সম্পন্ন হবে। তবে সুন্দরবনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় ২০২১ সাল থেকে বন্ধ থাকা ঐতিহ্যবাহী রাসমেলা এবারও অনুষ্ঠিত হচ্ছে না।

সুন্দরবন বিভাগ সূত্রে জানা গেছে, শত বছর আগে ১৯২৩ সালে সাধু হরিভজন রাসপূর্ণিমার ভোরের জোয়ারে সাগরের লোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে পাপমোচন ও মঙ্গল কামনায় দুবলার চরে এ পূজা ও পুণ্যস্নান শুরু করেন। আগে এ উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের লাখো মানুষের অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাসমেলা বসলেও বন ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে মেলা বন্ধ রাখা হয়েছে। এবারও শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই রাসপূজা ও পুণ্যস্নানে অংশ নিতে পারবেন।

পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করে দিয়েছে। এসব নৌপথে পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল থাকবে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, রাস পুণ্যস্নানের জন্য আবেদন করা সব পুণ্যার্থীকে দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাঁদের নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার ও বন বিভাগের সব নির্দেশনা মেনে চলতে হবে। পুণ্যার্থীদের নৌযানগুলো শুধু দিনের বেলায় নিরাপত্তাবাহিনীর তত্ত্বাবধানে একসঙ্গে যাতায়াত করবে এবং নির্ধারিত চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না।

তিনি আরও জানান, প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে এবং জলযানের স্টিকারে বিএলসি বা সিরিয়াল নম্বর ও যাত্রীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে টোকেন দেওয়া হয়েছে এবং তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখতে হবে। এ ছাড়া বনে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাত বা অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

Link Copied