
চারঘাট সীমান্তে বেপরোয়া মাদক সিন্ডিকেট, প্রকাশ্যে কেনাবেচায় অতিষ্ঠ এলাকাবাসী
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ

রাজশাহীর সীমান্তবর্তী চারঘাট উপজেলায় ফের বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত মাদক কারবারিদের সিন্ডিকেট। পদ্মা নদী তীরবর্তী ভারতীয় সীমান্তসংলগ্ন এ উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই চলছে ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনাবেচা। এতে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নওদাপাড়া বাজার, চৌমুহনী বাজার, টাঙ্গন ও ইউসুফপুর এলাকায় প্রায় প্রকাশ্যেই মাদকের হাট বসছে। শহরের বিভিন্ন এলাকা থেকেও মাদকসেবীরা এসব স্থানে এসে মাদক সংগ্রহ করছে। অভিযোগ রয়েছে, আইয়ুবের ছেলে রাজু এবং টাঙ্গন এলাকার সাথীর নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ কারবার নিয়ন্ত্রণ করছে। রাত-দিন মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়ানো এ চক্রের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না; কেউ প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতন ও হয়রানি।
এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে এলাকায় এক বোতল ফেনসিডিল ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাদকের এই অর্থ জোগাড় করতে গিয়ে তরুণ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের একটি অংশ আসক্ত হয়ে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। পাড়া-মহল্লার কিছু চায়ের দোকান ও তথাকথিত ক্লাবের আড়ালেও মাদক সেবন চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাঝেমধ্যে খুচরা বিক্রেতা ও সেবনকারীরা আটক হলেও মূল হোতারা প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।
দ্রুত চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার করে যুবসমাজ ও এলাকাকে রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল নূর বলেন, বিগত সময়ের তুলনায় চারঘাট থানা এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে কমে এসেছে এবং পুলিশের মাদকবিরোধী অভিযান প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানে মাদক কারবারিদের গ্রেপ্তার করে মামলা দেওয়া হচ্ছে। তালিকাভুক্ত মাদক কারবারিদের নজরদারিতে রাখা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। উপজেলাবাসীর সহযোগিতা পেলে মাদক নির্মূল করা সম্ভব হবে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজশাহী বিভাগের উপপরিচালক এবং রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।



















