
লাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়ক যেন মৃত্যু ফাঁদ,ঘটছে নানা দূর্ঘটনা
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী লাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কটি সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে কাদা ও পানি জমে একাকার হয়ে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
তিনটি জেলার মিলনকেন্দ্র ব্যবসায়িক যোগাযোগ মাধ্যম লাঙ্গলবাঁধ বাজার।
লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ড থেকে গড়াই নদীর ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। অথচ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন জনসাধারণের চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনে গর্তে পানি জমে থাকায় বোঝার উপায় থাকে না কোথায় কত বড় গর্ত রয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।
লাঙ্গলবাঁধ বাজারের আজাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আজাদ জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এতে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের চলাচলে চরম অসুবিধা হয়।
ভ্যানচালক রিয়াজ বিশ্বাস বলেন, রাস্তাটি এতটাই খারাপ যে ভ্যান নিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়। অনেক সময় গর্তে চাকা পড়ে ভ্যান উল্টে যাওয়ার উপক্রম হয়।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশা দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এই ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান, অর্থ বরাদ্দ আসলেই এই রাস্তাটির সংস্কার করা হবে।এ বিষয়ে আমরা অবগত আছি।
তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ড থেকে গড়াই নদীর ঘাট পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।



















