শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

টঙ্গীতে জমি নিয়ে বিরোধে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ

reporter

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ণ


টঙ্গীতে জমি নিয়ে বিরোধে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হুমকি-ধমকি ও দোকান ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আশরাফুল ইসলাম মোল্লা ও তাঁর পরিবার। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডের ধূমকেতু স্কুলসংলগ্ন নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম মোল্লা অভিযোগ করেন, তাঁদের বাবা আলহাজ শুকুর আলী মোল্লা জীবদ্দশায় হেবা দলিলের মাধ্যমে সব ভাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। এরপরও তাঁর আপন দুই ভাই মোস্তাফিজুর রহমান মোল্লা ও মাহবুবুর রহমান মোল্লা জমির দখল ও অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছেন। সম্প্রতি ভাড়াটিয়া সালেক, শরিফ ও নুরু খানকে ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।

আশরাফুল জানান, গত ১৯ অক্টোবর এক ভাড়াটিয়ার সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে তাঁর দুই ভাই ওই ভাড়াটিয়াকে সহযোগিতা করে তাঁর বিরুদ্ধে মামলা করান। এদিকে আশরাফুলের স্ত্রী মোছা. তাহমিনা জান্নাতুল দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গত ১৫ নভেম্বর টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে তাহমিনা জান্নাতুল জানান, প্রায় চার বছর আগে তাঁর স্বামীর বড় দুই ভাই সালেক নামে এক ব্যক্তিকে একটি অটোরিকশার যন্ত্রাংশের দোকান ভাড়া দেন। ওই দোকানের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ না করা নিয়ে বিরোধের জেরে পরবর্তীতে আশরাফুল নতুন একটি চায়ের দোকান নির্মাণ শুরু করলে নুরু, সালেক ও নাজমা বেগম পরিকল্পিতভাবে দোকানটি ভাঙচুর করেন। প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাঁকে, তাঁর স্বামী ও দুই সন্তানকে প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া তাঁর স্বামী কারাগারে থাকার সুযোগে রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেয় এবং দোকানপাট ভাঙচুর করে। এসব ঘটনার নেপথ্যে স্বামীর বড় দুই ভাইয়ের ইন্ধন রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে পরিবারটির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান জানান, তাহমিনা নামে একজনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান মোল্লা মুঠোফোনে বলেন, আশরাফুল তাঁর ছোট ভাই হলেও বর্তমানে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং কে বা কারা তাঁর বিরুদ্ধে মামলা করেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। অপর ভাই মাহবুবুর রহমান মোল্লার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

Link Copied