শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

বড়াইগ্রামে ধানক্ষেতে অচেতন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্ধার

reporter

মোঃ রেজাউল করিম, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ


বড়াইগ্রামে ধানক্ষেতে অচেতন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকায় একটি ধানক্ষেতে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর শনিবার (২১ নভেম্বর) সকালে স্থানীয়রা তাকে ধানখেতে পড়ে থাকতে দেখেন। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম হৃদয় আলী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এগ্রোনমি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিবপুর এলাকার একটি ধানখেতে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। রাতভর বৃষ্টিতে ভিজে থাকায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে তার কাছে থাকা পরিচয়পত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের আবাসিক শিক্ষার্থী।

খবর পেয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে বনপাড়া স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও সহপাঠীরা হাসপাতালে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী কীভাবে রাজশাহী থেকে এত দূরে বড়াইগ্রামে এলেন এবং কীভাবে ধানখেতে পড়ে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর শনিবার সকালে ধানখেত থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কীভাবে তিনি বড়াইগ্রামে পৌঁছালেন এবং তার অসুস্থতার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

মোঃ রেজাউল করিম, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি / এমএসএম

Link Copied