
পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের মতবিনিময়
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ

পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের ব্যাংকিং ও আর্থিক সেবা আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ীরা তাঁদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম, অর্থায়নের প্রয়োজনীয়তা, বিদ্যমান চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম বলেন, ব্যাংকিং সেবার সহজলভ্যতা ব্যবসায়ীদের মূল্যবান সময় সাশ্রয়ের পাশাপাশি দৈনন্দিন লেনদেনকে আরও গতিশীল করবে। তিনি পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যাংকের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), ব্যাংকের বিভিন্ন উদ্যোগে ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ এবং ব্যাংকিং সেবার মানোন্নয়নে মতামত ও পরামর্শ প্রদানের আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, কমিউনিটি ব্যাংককে একটি পূর্ণাঙ্গ ‘ফাইন্যান্সিয়াল সুপারস্টোর’ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে, যেখানে ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ পর্যন্ত সব ধরনের আর্থিক সেবা একই ছাতার নিচে পাওয়া যাবে। ব্যাংকিং সেবার আনুষ্ঠানিকতা সহজ করা এবং দ্রুত সমাধানের মাধ্যমে ব্যবসায়ীদের পাশে থাকতে ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন পুলিশ প্লাজা কনকর্ড কার্যনির্বাহী কমিটির সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল আলম হাসান, অর্থ সম্পাদক করিম মিয়া এবং নারী উদ্যোক্তা সানজিদা তন্নী। মতবিনিময় সভার মধ্য দিয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কমিউনিটি ব্যাংকের পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও সুদৃঢ় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।























