রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কাল চুক্তি

reporter

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০১:০০ অপরাহ্ণ


তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কাল চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামীকাল ৩০ নভেম্বর কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৫ বছর মেয়াদি এ চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি বিমানবন্দরের পরিচালন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেবিচক। এতে কর্তৃপক্ষের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ, বিমানবন্দরের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে চুক্তিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা এবং ১৪ মাসের মধ্যে শতভাগ আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি-রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে জাপানি কনসোর্টিয়াম। তবে রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল কার্যক্রম এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ বেবিচকের অধীনেই থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষাসহ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো।
রাজস্ব বণ্টনের বিষয়ে চেয়ারম্যান জানান, নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচক পাবে। পরবর্তী সময়ে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত বা প্রকৃত তারিখ—যেটি আগে হবে, সেখান থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশে উন্নীত হবে।
তৃতীয় টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে সুনির্দিষ্ট কার্যসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ অবতরণের পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। এছাড়া চেক-ইন, ব্যাগেজ হ্যান্ডলিং, পরিচ্ছন্নতা ও প্রযুক্তিগত সরঞ্জামের সচলতা নিশ্চিত করতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে।
চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত সেবার মান অর্জনে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তি অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালটি বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতাসম্পন্ন। এতে রয়েছে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ১৬টি স্বয়ংক্রিয় ব্যাগেজ কনভেয়র বেল্ট, ১২টি বোর্ডিং ব্রিজ এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে।
অন্যদিকে, নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালের সম্মিলিত বার্ষিক কার্গো হ্যান্ডলিং সক্ষমতা ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন। এসব অবকাঠামো চালু হলে দেশের বিমান পরিবহন ও কার্গো ব্যবস্থাপনায় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে বেবিচক।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বেবিচক চেয়ারম্যানসহ কর্তৃপক্ষের সদস্যরা চুক্তি ও পরবর্তী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এমএসএম / এমএসএম

Link Copied