
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জে দুই ইট ভাটার মালিককে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ইট ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের একটি সূত্রে জানা গেছে, উপজেলার বগারচর ইউনিয়নে টালিয়াপাড়া এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ১ লাখ টাকা এবং পৌরশহরের নয়াপাড়া এলাকার একটি ইটভাটাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন এ সময় বকশীগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৯-এর ৫(২) ও ১৫(১)(খ) ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















