
ঘুষ ছাড়া মেলে না সেবা, ফাইল আটকে অর্থ আদায়ের অভিযোগ কাশিয়ানী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ

ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, এমন অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারের বিরুদ্ধে। শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক কাজের ফাইল আটকে অর্থ আদায়, বেতন-ভাতা নির্ধারণ, উচ্চতর গ্রেড অনুমোদন, বদলি, বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দ এবং চিকিৎসা অনুদানের আবেদনসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
শিক্ষকদের অভিযোগ, নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখা হয়। দূরদূরান্ত থেকে আসা শিক্ষকদের ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসিয়ে রাখা হয়। পরে অর্থের বিনিময়ে সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করা হয়। চাকরি ও প্রশাসনিক হয়রানির ভয়ে অনেক শিক্ষক প্রকাশ্যে অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না।
শিক্ষকদের ভাষ্য, বেতন পুনর্নির্ধারণ (পে-ফিক্সেশন), উচ্চতর গ্রেড অনুমোদন, বেতন-ভাতা নির্ধারণ ও সমতাকরণ, টাইম স্কেল, পিআরএল, পেনশন, চিকিৎসা অনুদান, চিকিৎসা ছুটি, বহিঃবাংলাদেশ ছুটি, বদলি এবং জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) থেকে ঋণ গ্রহণসহ বিভিন্ন প্রশাসনিক কাজে অর্থ দাবি করা হয়।
বিদ্যালয়ের বরাদ্দেও ভাগ দেওয়ার অভিযোগ-
বিদ্যালয়ের উন্নয়নকাজের বরাদ্দ নিয়েও ঘুষ দাবির অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষক। তাদের অভিযোগ, কোনো বিদ্যালয়ে দেড় লাখ টাকার কাজের বরাদ্দ এলে ভ্যাট ও আয়কর বাবদ ২০ শতাংশ (১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর) বাদ দিয়ে বিদ্যালয়ের হিসাবে ১ লাখ ২০ হাজার টাকা জমা হয়। অভিযোগ রয়েছে, ওই অর্থ থেকে ১০ হাজার টাকা শিক্ষা কর্মকর্তাকে দিতে চাপ দেওয়া হয়। টাকা না দিলে পরবর্তী কাজ বা প্রশাসনিক সহযোগিতা পেতে সমস্যায় পড়তে হয় বলে দাবি শিক্ষকদের।
পে-ফিক্সেশন ও উচ্চতর গ্রেডে অর্থ আদায়ের অভিযোগ-
উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পে-ফিক্সেশন কার্যক্রম নিয়েও অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। শিক্ষকদের অভিযোগ, অনলাইনে নিজের ফরম নিজে পূরণের সুযোগ থাকলেও নবম পে-স্কেল অনুযায়ী ফিক্সেশন ফরম পূরণের জন্য জনপ্রতি ৩০০ টাকা করে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।
গত ১৩ অক্টোবর সহকারী শিক্ষক সমিতির সভাপতি জিহাদুল ইসলাম জিহাদ নিজ বিদ্যালয়ে আয়োজিত এক সভায় এ অর্থ সংগ্রহের নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। কয়েকজন শিক্ষক টাকা সংগ্রহের দায়িত্ব পালন করেন। শিক্ষক অসিম সাহা ২৩ জনের কাছ থেকে টাকা সংগ্রহের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে বেতন সমতাকরণের জন্য ৩৬ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার থেকে ৭ হাজার টাকা এবং দ্বিতীয় উচ্চতর গ্রেড অনুমোদনের জন্য ২৩ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে।
শিক্ষকদের অভিযোগ, প্রতিস্থাপন ছাড়াই কয়েকজন শিক্ষককে নিয়মবহির্ভূতভাবে অন্য বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। এর মধ্যে রাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হোসেনকে নিজামকান্দি, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তন্বী আক্তার ও হীরা খানমকে ছোটখারকান্দি এবং মহানাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের বিষয়টি উল্লেখ করেছেন অভিযোগকারীরা। এসব পদায়নের পেছনে আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।
চিকিৎসা অনুদানের আবেদনেও ঘুষ দাবির অভিযোগ-
এর আগে ৪১ নম্বর বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারলিনা পারভীনের কল্যাণ ট্রাস্ট থেকে চিকিৎসা অনুদান পাওয়ার আবেদনে সুপারিশের জন্য অফিস সহায়ক আশিকুর রহমান শিকদারের বিরুদ্ধে ৩ হাজার ৫০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার অফিস সহায়ককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানান। তিনি তখন দাবি করেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
অন্যদিকে, শিক্ষকদের অভিযোগ, শুধু অফিস সহায়ক নয়, বিভিন্ন প্রশাসনিক কাজে শিক্ষা কর্মকর্তার সম্মতি ও সহযোগিতা ছাড়া অর্থ লেনদেনের সুযোগ তৈরি হওয়ার কথা নয়। তবে এ অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট নথি ও লেনদেনের তথ্য যাচাই করা প্রয়োজন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বরাদ্দ নিয়েও প্রশ্ন-?
উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক উপকরণ কেনার জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, বরাদ্দ পাওয়ার পাঁচ মাস পার হলেও শিক্ষার্থীদের জন্য কোনো উপকরণ কেনা বা সরবরাহ করা হয়নি। বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে কি না এবং অর্থের ব্যবহার কোথায় হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষকরা।
শিক্ষকদের মধ্যে ক্ষোভ, তদন্তের দাবি-
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষা কর্মকর্তার কাছে বিভিন্ন প্রয়োজনে গেলে নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়। দাবি অনুযায়ী অর্থ না দিলে কাজ হয় না। কেউ প্রতিবাদ করলে শোকজসহ প্রশাসনিক হয়রানির আশঙ্কা থাকে। ফলে অনেকেই বাধ্য হয়ে নীরব থাকেন।
শিক্ষকদের অভিযোগ, কয়েকজন শিক্ষক নেতাও অর্থ সংগ্রহের কাজে সহযোগিতা করেন। এ কারণে শিক্ষা অফিসের অনিয়ম নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনেকে দ্বিধায় থাকেন।
অভিযোগ অস্বীকার শিক্ষা কর্মকর্তার
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়, মিথ্যা ও ভিত্তিহীন।’
তবে একের পর এক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
শিক্ষকদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।



















